প্রাথমিক শিক্ষায় সহযোগিতার আশ্বাস চীনা রাষ্ট্রদূতের

প্রাথমিক শিক্ষায় সহযোগিতার আশ্বাস চীনা রাষ্ট্রদূতের

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (YAO WEN) আজ  বাংলাদেশ সচিবালয়স্থ উপদেষ্টার অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

চীনা রাষ্ট্রদূত স্বাধীনতাত্তোর বাংলাদেশের সাথে গণচীনের পারস্পরিক দ্বিপক্ষীয় হৃদ্যতাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ঐতিহ্যের বিষয়গুলো বিশদভাবে তুলে ধরেন। তিনি জানান, এর ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চীন চিকিৎসা সেবা দিয়েছে, সেপ্টেম্বরে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তিনি দু’দেশের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

উপদেষ্টা বলেন, চীনের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ করে দক্ষতাভিত্তিক শিক্ষার উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন। প্রাথমিক শিক্ষার পাশাপাশি ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ সমাপ্তির পথে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫ এর সকল কম্পোনেন্টে চীনের সহযোগিতা সম্প্রসারণে অনুরোধ করেন তিনি।

চীনা রাষ্ট্রদূত বিভিন্ন প্রকল্পে বিশেষ করে সাউথ সাউথ কো-অপারেশনের আওতায় অথবা ইআরডির মাধ্যমে সহযোগিতার ধারা অব্যাহত রাখা ও নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, চীনা দূতাবাসের কাউন্সিলর কালচারাল লি সাওপেঙ (Li Shaopeng) এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।