প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধিতা দূর করা সম্ভব হবে -মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রতিবন্ধী বলে আলাদা কোনো গোষ্ঠী নেই। আমরা সবাই মানুষ। সবারই কম বেশি কিছু না কিছু দুর্বলতা থাকে। কখনো শারীরিক কখনো মানসিক। তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির এ সময় অসম্ভব বলে কিছু নেই।

মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি’র অডিটোরিয়ামে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজাবিলিটির সহযোগিতায় আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরি মেলা ২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, আমরা এমন একটা সময় বসবাস করছি যখন একেবারে বুদ্ধি চর্চা থেকে শুরু করে শারীরিক চর্চাসহ প্রত্যেকটি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। প্রযুক্তি দিয়ে প্রতিবন্ধিতা জয় করা সম্ভব হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রযুক্তি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রতিবন্ধিতা বলে কিছু থাকবে না। প্রযুক্তি সেই জায়গাটা সহজলভ্য করবে।

দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করি তাদের নৈতিক দায়িত্ব ভিন্নভাবে সক্ষমদের পাশে থাকা। তিনি বলেন, প্রতিবন্ধীদের পাশে সচেতনভাবে থেকে যদি কাজের পরিবেশ তৈরি করা যায় তাহলে তাদের জন্য অসম্ভব বলে কিছুই থাকবে না।

বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্নভাবে সক্ষমদের অন্তর দিয়ে অনুভব করে ২০১৩ সালে প্রথম প্রতিবন্ধী অধিকার আইন পাশ করা করেছেন। এর ফলে আমরা তাদেরকে অধিকার প্রদান করি, এছাড়াও ইতিমধ্যে আমাদের ৩ হাজার প্রতিবন্ধীদের মূল ধারায় নিয়ে আসার জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। যার মধ্যে দেড় হাজার জনের প্রশিক্ষণ প্রদান প্রায় শেষের দিকে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি সেন্ট্রাল ডেটাবেজ এবং বিশেষ ভাবে অ্যাপস তৈরি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি ব্যবহার করে শহর গ্রামে সকলের জন্য সমান ভাবেন সুবিধা প্রদানের জন্য কাজ করছে।

দিনব্যাপী এ মেলায় বাক্য, এফবিসিসিআই, মাই আউটসোর্সিং, কোয়াব, লিডস কর্পোরেশন পশমি সোয়েটার লিমিটেডসহ মোট ২১ টি নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, পিপুটেক লিমিটেডের প্রধান নির্বাহী বাক্য এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, সিএসডিআই’র প্রধান নির্বাহী রহুল হক, মাই আউটসোর্সিং লি. এর সিইও তানজিরুল বাশার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।