প্রবীণদের অবহেলা নয় সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে -সমাজকল্যাণমন্ত্রী

প্রবীণদের অবহেলা নয় সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে -সমাজকল্যাণমন্ত্রী

প্রবীণদেরকে অবহেলা নয় বিগত দিনের কর্মকাণ্ডের কথা স্মরণ করে তাদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেত হবে। বলেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 সমাজকল্যাণ সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ।

            মন্ত্রী বলেন, আজকে যারা প্রবীণ বিগত দিনে তারা ছিলেন নবীন। আজকের এ প্রবীণরা অভিজ্ঞতায় সমৃদ্ধ । দেশ ও জাতির কল্যাণে তাদের যে কর্মকাণ্ড ছিলো সেগুলো ছিলো সম্মানের। মন্ত্রী প্রবীণদের উদ্দেশ্যে বলেন, অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে আপনারা যে ভূমিকা রেখেছিলেন, দেশ ও জাতি আপনাদের কথা স্মরণ রাখবে। প্রবীণদের কর্মকাণ্ডের ধারাকে অটুট রাখার জন্য নবীনদের প্রতি মন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, প্রবীণদের অভিজ্ঞতা সমৃদ্ধ যে কর্মকাণ্ড দেশে সূচিত হয়েছে সে কর্মকাণ্ডগুলি নবীনদেরকে বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

            প্রতিমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি মানুষের গুণগত মান নিশ্চত করা সরকারের অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তার আওতা ব্যাপক বিস্তৃত করেছেন। প্রবীণদের গুণগত জীবনমান নিশ্চিতে বিভিন্ন নীতিমালার পাশাপাশি বিশেষ প্রতিষ্ঠান তৈরির কাজ চলমান রয়েছে।

            উল্লেখ্য, আলোচনা সভায় জানানো হয়, প্রবীণদের কল্যাণে শীঘ্রই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় জাতীয় প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হবে, এ লক্ষ্যে কাজ চলমান রয়েছে। এছাড়া প্রবীণদের জন্য দেশের ৮টি বিভাগে ৮টি সরকারি শিশু পরিবারে ২৫ আসনবিশিষ্ট শান্তি নিবাস স্থাপনের কাজ চলমান রয়েছে বলে আলোচনা সভায় জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।