নিউজ ডেস্কঃ নিরাপত্তা পরিষদের বৈঠকে রোহিঙ্গা সমস্যার বিষয়টি সিদ্ধান্ত ছাড়া শেষ হওয়ায় সরকারের কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিসাসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা বরাবরই বলেছি, আমাদের কেউ এসে কিছু করে দিয়ে যাবে না। এই ইস্যুতে বাংলাদেশের পাশে থাকতে প্রয়োজনে প্রধানমন্ত্রীকে চীন, রাশিয়া ও ভারত সফরে যাওয়া উচিত।
ফখরুল বলেন, রোহিঙ্গা আমাদের জন্য বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমার সরকার একটা জাতিকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার জন্য কাজ করছে। আর আমরা চুপ করে বসে আছি। মিয়ানমারকে বাংলাদেশ সরকার একটি শক্ত কথাও বলেনি।
বিএনপির মহাসচিব বলেন, এখন পর্যন্ত গণহত্যার জন্য মিয়ানমার সরকারকে দায়ী করেনি, নিন্দা পর্যন্ত জানায়নি। এমনকি রোহিঙ্গাদের শরণার্থী বলতে তারা রাজি নয়। তারা মনে করে অনুপ্রবেশকারী।
মির্জা ফখরুল বলেন, আজকে কী দেশ, কী পৃথিবীতে বাস করছি আমরা। যেখানে মনুষ্যত্বের, মানবতার কোনো মূল্য নেই। শুধু ক্ষমতা আর অর্থনৈতিক স্বার্থই বড় হয়ে দাঁড়াল?
তিনি বলেন, কী কারণে আজকে চীনের মতো দেশ মিয়ানমারকে সমর্থন দিচ্ছে? কী কারণে রাশিয়া সমর্থন দিচ্ছে। কী কারণে ভারত—যারা গণতন্ত্র, মানবাধিকারের জন্য বিশ্বে নন্দিত, তারা আজকে কীভাবে এদের পক্ষে দাঁড়িয়েছে। বলছে, আমরা তো ত্রাণ পাঠাচ্ছি। এটা হচ্ছে জুতো মেরে গরু দানের মতো অবস্থা আর কি।
তিনি বলেন, একদিকে খুন করছে, হত্যা করেছ, আমার স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করে ফেলছে, অন্যদিকে বলছে আমরা তো ত্রাণ পাঠাচ্ছি। বন্ধ করো এই গণহত্যা।



