ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) : রং প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহের জন্য পৃথক একটি কেমিকেল জোন স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন।
আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সাথে এসোসিয়েশনের ১২ সদস্যের একটি প্রতিনিধিদলের সভায় এই দাবি জানানো হয়। এসোসিয়েশনের সভাপতি রুপালি হক চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্বে দেন।
শিল্পসচিব বলেন, সরকার দেশের একই ধরনের শিল্প প্রতিষ্ঠানসমূহকে একটি নির্দিষ্ট স্থানে স্থাপনের জন্য বিভিন্ন শিল্পনগরী ও শিল্পপল্লী স্থাপন করছে। রং প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহের জন্য একটি পৃথক জোন স্থাপন করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন শিল্পসচিব।
রুপালি হক চৌধুরী বলেন, বাংলাদেশ উৎপাদিত রংয়ের মান বজায় রাখা এবং উৎপাদন প্রক্রিয়ায় যাতে পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে এসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠানগুলো সচেতন রয়েছে। এই শিল্পের সঙ্গে প্রায় ৭০ হাজার মানুষ প্রত্যক্ষভাবে জড়িত বলে উল্লেখ করেন তিনি।
প্রতিনিধিদল বিএসটিআই’র স্ট্যান্ডার্ড প্রতিপালনপূর্বক সিএম লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা বিষয়ে শিল্প মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এসআরও নং ২২০-আইন/২০১৮ প্রজ্ঞাপনের রং সংশ্লিষ্ট অংশ ক্রমিক নং ২৬, ২৭ ও ২৮-এর কার্যকারীতা পাঁচ বছরের জন্য স্থগিত করার দাবি জানায়।
এ প্রসঙ্গে শিল্প সচিব বলেন, ব্যবসায়িক স্বার্থেই রং উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে এবং সেটি বজায় রাখতে হবে। দেশীয় পণ্যের মান খারাপ হলে বিদেশি পণ্য বাজার দখল করে নেবে। কোন বিষয়ে কত দিন সময় প্রয়োজন সেটি বিস্তারিত প্রতিবেদন আকারে প্রেরণ করা হলে তা বিএসটিআই’র কাউন্সিলের সভায় উত্থাপন করা হবে বলে জানান শিল্প সচিব। দেশীয় শিল্প সুরক্ষার স্বার্থে শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই’র পক্ষ থেকে এ বিষয়ে ল্যাবরেটরি সহায়তাসহ সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন শিল্পসচিব ।
শিল্পসচিব সকল রং উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাইসেন্সিং বিষয়ে যথাযথভাবে অবহিত করতে একটি ওয়ার্কশপ পরিচালনার জন্য বাংলাদেশ পেইন্ট ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের প্রতি আহ্বান জানান।
বিএসটিআই’র মহাপরিচালক মোঃ মুয়াজ্জেম হোসাইন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান মাহমুদ, যুগ্মসচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, বিএসটিআই’র পরিচালক (সিএম) এস এম ইসহাক আলী এ সময় উপস্থিত ছিলেন।


