দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদকঃ গত কয়েক দিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল, অক্সফোর্ডের তৈরি টিকার ফলাফল নিয়ে। বিজ্ঞানী-গবেষকেরাও অপেক্ষায় ছিলেন। প্রথম ও দ্বিতীয় ধাপে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল আশানুরূপ— এমন গুঞ্জন ছড়িয়েছিল এবং চিকিৎসাবিজ্ঞান মহলে আশাও বাড়ছিল।
অবশেষে আজ সোমবার ব্রিটিশ পত্রিকা ‘দ্য ল্যানসেট’-এ তার ফলাফল প্রকাশিত হতেই, সেই আশা আরও বেড়ে গিয়েছে।
অক্সফোর্ডের বিজ্ঞানীদের দাবি, পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলে স্পষ্ট, এই টিকা শুধুমাত্র করোনার রুখে দিতে পারবে তাই নয়, এটি সম্পূর্ণ নিরাপদ ও সহনশীল ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন। অক্সফোর্ডের করোনাভাইরাসের টিকার প্রথম ও দ্বিতীয় ধাপের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের এই ইতিবাচক ফলাফল ঘিরেই বাড়ছে করোনা-যুদ্ধে জয়ের সুদৃঢ় সম্ভাবনা।
অক্সফোর্ড-বিজ্ঞানীদের দাবি, তাঁদের তৈরি টিকা চ্যাডস্ক-১ এনকোভ-১৯, নিরাপদ এবং করোনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। চ্যাডক্স-১ এর তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগও চলছে। এই পর্বে সফল হলেই সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন পাবে অক্সফোর্ড উদ্ভাবিত এই টিকা।
ক্লিনিক্যাল ট্রায়ালের গবেষণাপত্রে অক্সফোর্ডের বিজ্ঞানীরা লিখেছেন, ‘‘চ্যাডক্স-১ এনকোভ-১৯, তেমন বড় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করেনি। প্রয়োগকৃত মানবদেহে তৈরি করেছে অ্যান্টিবডি এবং টি-সেলস। অ্যান্টিবডির কাজ হল, কোনও ভাইরাসের সংক্রমণ হলে তার বিরুদ্ধে লড়াই করা। আর টি-সেলস অনেকটা ‘মেমরি চিপ’-এর মতো। অর্থাৎ টিকা প্রয়োগ করলে ওই ভাইরাসের সমস্ত বৈশিষ্ট্য টি-সেলস শরীরে ধরে রাখে। ভবিষ্যতে কখনও ফের সেই ভাইরাসের সংস্পর্শে এলে, ওই টি-সেলস ফের সক্রিয় হয়ে ওঠে এবং তার বিরুদ্ধে লড়াই করে ভাইরাসকে প্রতিহত করে। টিকার মাধ্যমে তৈরি অ্যান্টিবডি শরীরে দীর্ঘ দিন না থাকলেও টি-সেলস অনেক বছর ধরে শরীরে থেকে যায়।
চ্যাডক্স-১ এর তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে। ব্রিটেন ছাড়াও আমেরিকা, ব্রাজিল মিলিয়ে ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে এই প্রতিষেধক। সেই প্রক্রিয়াও শেষের পথে। তৃতীয় ধাপের এই পরীক্ষার ফল পাওয়ার পর, তা বিশ্লেষণ করেই সাধারণ মানুষের উপর এই টিকা প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞানীদের অনুমান, আগামী দু’-তিন মাসের মধ্যেই সব পদ্ধতিগত প্রক্রিয়া শেষ করে – সাধারণ মানুষের উপর প্রয়োগ করতে সক্ষম হবে অক্সফোর্ড উদ্ভাবিত করোনা-প্রতিশেধক এই টিকা।