এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বড় ব্রীজ সংলগ্ন কুমিরা নামক স্থানে অবৈধভাবে নির্মাণকৃত পাকা দোকানঘর অপসারণের জন্য সাতক্ষীরা সড়ক ও জনপদ কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেছে।
জানা গেছে, উপজেলার ইসলামকাটি গ্রামের শামসুর রহমানের পুত্র ভূমি দস্যু আব্দুল মালেক সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ৪৬ তম কিঃ মিঃ অবস্থিত পাটকেলঘাটা থানাধীন বড় ব্রীজ সংলগ্ন কুমিরা নামক স্থানে সড়কের ঢালের মাটি কেটে অবৈধভাবে সরকারী জমিতে পাকা দোকান ঘর (ইমারত) নির্মাণ করায় যে কোনো মূহুর্তে সড়ক ধসে প্রাণ হানির মত ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা এলাকাবাসীর।
গতকাল বিষয়টি সাতক্ষীরা সওজ কর্তৃপক্ষকে অবহিত করা হলে বিকাল ৩ টার দিকে ১০৯৭ নং স্মারক মোতাবেক ১৯৭০ সালের ২৪ নং অধ্যাদেশে ৫ ধারায় সওজের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ গিয়াসউদ্দীন স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন। এ নিয়ে অবৈধ দোকানঘর নির্মাণকারী তার অবৈধ স্থাপনা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছেন।