এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় চিনিকলে কেইন ক্যারিয়ারের নাইফ-২ এ কাটা পড়ে মতিয়ার রহমান (৬৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মতিয়ার রহমান পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আরাজী শিকারপুর গ্রামের ফইম উদ্দিনের ছেলে। সে পঞ্চগড় চিনিকলে ২০১২ সালে মিল হাউস ফিটার পদ থেকে অবসর নেওয়ার পর একই পদে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করছিলেন।মিলের বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত শ্রমিকের অসচেতনতাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন শ্রমিকরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকররা জানান, মঙ্গলবার দুপুরে মতিয়ার ও নওশাদ চিনিকলের কেইন ক্যারিয়ারের নাইফ-২ এর লুস হওয়া নাট বোল্ড টাইট করার কাজ করছিল। কিন্তু তাদের কাজ শেষ হওয়ার আগেই চিনিকলের বিদ্যুৎ বিভাগের শ্রমিক খয়রুল ইসলাম নাইফ-২ এর মোটরের সুইচ অন করে দেয়। এ সময় নওশাদ ভাগ্যক্রমে বেঁচে গেলেও মতিয়ার কেইন ক্যারিয়ারের নাইফে কাটা পড়ে। ঘটনাস্থলেই ক্ষতবিক্ষত হয়ে মতিয়ারের মর্মান্তিক মৃত্যু হয়।
পরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতীন কুমার কুন্ডু ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম শাহীন আহম্মেদের উপস্থিতে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করে।
পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শ্রমিকের পরিবারকে তাৎক্ষণিক নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। একই সাথে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে ওই শ্রমিকের পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়ার জন্য পত্র প্রেরণ করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় চিনিকলের শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিনিকল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে চিনিকল বন্ধ রয়েছে।
এ ক্যটাগরির আরো খবর..