এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা অবসর ভাতা (পেনশন) ও প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবীতে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে।
মানববন্ধনে পঞ্চগড় চিনিকলের বিগত পাঁচ বছরে অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা এতে অংশ নেন। এ সময় তারা অনতিবিলম্বে তাদের পাওনা পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদানের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্মচারী সাবেক শ্রমিক নেতা জামাল হোসেন, রাজিউর রহমান, তোফাজ্জল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, আমারা দীর্ঘ চার থেকে পাঁচ বছর আগে অবসরে গিয়েও আমাদের পেনশনের টাকা পাচ্ছি না। টাকার অভাবে আমরা মানবতর জীবন জাপন করছি। জীবনের শেষ মূহূর্তে এসে চিকিৎসার টাকাও আমাদের হাতে নাই। অথচ আমাদের চাকরি জীবনের গচ্ছিত প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না কেন তা জানতে চাই।
পরে ব্যবস্থাপনা পরিচালক মোঃ এমদাদুল হকের কক্ষে গিয়ে তাদের দাবীগুলো পেশ করেন। ব্যবস্থাপনা পরিচালক তাদের দাবীগুলোকে যৌক্তিক উল্লেখ করে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন।



