জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন আমাদের সকলের জন্য শিক্ষা অর্জন খুবই প্রয়োজন। কিন্তু তার চেয়ে বেশী প্রয়োজন নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা লাভ করতে হলে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। বিএনপি জামাত সরকার তাদের আমলে শুধু লুটপাট চালিয়েছে। দেশের উন্নয়নে তাদের কোন খবর ছিলনা। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের শিক্ষা চিকিৎসাসহ সর্বক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে।
তিনি শুক্রবার সকাল ১০ টায় সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুস ছালিকের সভাপতিত্বে ও তাহের উদ্দিন তাজ্জুব মাষ্টারের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রসাশক শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট আব্বাস উদ্দিন, ভাদেশ্বর উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মাছুম চৌধুরী, আলহাজ্ব ময়নুল হক, জহির উদ্দিন, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার হাফিজ আব্দুল কায়ূম, ছাত্র সংসদের এহিয়া আহমদ। এছাড়া শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী ছিলেন ছিলেন শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজাফ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আমির উদ্দিন ছাদেক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব প্রমুখ।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে, বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের অবদানের কথা উল্লেখ করে বলেন, এ সরকারের আমলে দেশে ১ হাজার ৩শ ৩২টি মাদ্রাসার উন্নয়ন, ৩৫টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসায় রূপান্তর, ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু ও ১টি আরাবিক মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় কোর্স চালু করা হয়েছে। যা বিগত একশ বছরেও শিক্ষার ক্ষেত্রে এমন উন্নয়ন হয়নি। ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই। কিন্তু একটি গোষ্ঠী ইসলামের নামে জঙ্গীবাদ ও সন্ত্রাস কায়েম করে দেশকে অস্থিতিশীল ও ধ্বংশ করতে চায়। আফগানিস্থান ও পাকিস্থানের নাম উল্লেখ করে তিনি বলেন জঙ্গীবাদের এ দুটি দেশকে আজ চরম মুল্য দিতে হচ্ছে। এব্যাপারে সজাগ থাকতে সকলের প্রতি আহবান জানান।
এছাড়াও তিনি উপজেলার বিকালে ভাদেশ্বর ইউনিয়নের ভাটাটিকর পীরেরটিলা রাস্তা মেরামত কাজের উদ্বোধন, লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন, ওই ইউনিয়নের মাদারখাপাড়া রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর, একই ইউনিয়নে বিদ্যালয় বিহীন গ্রামে নতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন, নওয়াই চক দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমীক ভবনের উদ্বোধন ও ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।



