বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক মার্কিন উপসহকারী সচিব রবার্ট বারশিনস্ক।
গতকাল মঙ্গলবার মার্কিন দূতাবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে বারশিনস্কি এসব কথা বলেন।
তিনি বলেছেন, গণতন্ত্রে এমন পরিবেশ প্রয়োজন যাতে সবার কণ্ঠ শোনা যায় এবং সবাই মুক্তভাবে তাদের মতপ্রকাশ করতে পারে।
২০১৯ সালের নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে বারশিনস্কি বলেন, আমরা আশা করি এমন একটি পরিবেশ সৃষ্টি হবে যাতে শান্তিতে বিশ্বাস করে এমন সব দল আলোচনার টেবিলে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করবে, নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবে এবং বাংলাদেশ মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। তিনি বলেন, বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে দ্বিমত পোষণের জন্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন আবশ্যক।
মার্কিন উপসহকারী সচিব বলেন, বাংলাদেশ একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দেশ। কেননা এ দেশটি যুক্তরাষ্ট্রের মূল্যবোধের অংশীদার, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ও সহিষ্ণু।
ঢাকা অবস্থানকালে বারশিনস্কি সংলাপে অংশগ্রহণ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপে যোগ দিতে তিনি ঢাকা এসেছিলেন।




