দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটনের ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি বরাদ্দকৃত প্রকল্পে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করায় রোষানলে পড়েছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। এরই মধ্যে ওই উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের বিরুদ্ধে কয়েকটি আক্রোশমূলক সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি প্রকাশ্যে ও মুঠোফোনে অবিরত হুমকি দিয়ে যাচ্ছেন। একারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারাগঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। ফলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে স্থানীয় সাংবাদিকরা রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। গত সোমবার বিকেলে তারাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ওই স্মারকলিপি প্রদান করেন আলমগীর হোসেন লেবু, প্রবীর কুমার কাঞ্চন, খায়রুল আলম বিপ্লব,আব্দুর রাজ্জাক ও দিপক রায়। এসময় তাদের সাথে ছিলেন অন্য সাংবাদিকরা।
এখবর পেয়ে আরো ক্ষিপ্ত হয়ে উঠেছেন ওই উপজেলা চেয়ারম্যান। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল থেকে তার লালিত ক্যাডার বাহিনী তারাগঞ্জ প্রেসক্লাব এলাকাসহ সাংবাদিকদের অবস্থান নেয়া জায়গাগুলো কড়া পাহারায় রেখেছেন। এতে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় সাংবাদিকরা। ফলে নিরাপত্তাহীন সাংবাদিকদের অনেকেই লিটন বাহিনীর ভয়ে স্বেচ্ছায় ঘরবন্দী হয়ে পড়েছেন। এ অবস্থায় সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের পক্ষ নিয়ে কথা বললে তারাও উপজেলা চেয়ারম্যানের রোষানলে পড়ে চরম আতঙ্কে রয়েছেন, এমনই অভিযোগ উঠেছে উপজেলার সর্বত্রই।
এবিষয়ে জানতে চাইলে তারাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খবির উদ্দিন প্রামানিক বলেন, একজন জনপ্রতিনিধির সাংবাদিকদের সাথে এমন আচরণ খুবই দুঃখজনক। আমি তার এহেন আচরণে খুবই মর্মাহত। বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরিতে উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য- গত ২০ এপ্রিল ওই উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক সভায় তার অনুমতি ছাড়া উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেন।



