ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠির নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
বুধবার সকালে আ.লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য ও ঝালকাঠির সাংসদ আমির হোসেন আমু ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন।
ক্রীড়া প্রতিযোগিতায় ৪০ টি ইভেন্টে বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রী অংশ নেয়। পরে বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি থেকে সাংসদ আমির হোসেন আমু প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু বলেন, ক্রীড়া একটি শক্তি, আর মাদক হচ্ছে অপশক্তি। ক্রীড়ার শক্তিকে কাজে লাগাতে হবে অপশক্তির বিরুদ্ধে। খেলাধুলা যেন হারিয়ে না যায়, সেদিকে শিক্ষকদের লক্ষ্য রাখতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার চর্চা করলে মনও ভাল থাকে বলে মন্তব্য করেন তিনি।




