নতুন উচ্চতায় ভারত ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক

নতুন উচ্চতায় ভারত ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক:  ভারত ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের সাম্প্রতিক মিয়ানমার সফরকালে,ভারতীয় বিনিয়োগ ও আর্থিক সহায়তা সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সফরকারী ভারতীয় দুই শীর্ষ কর্মকর্তা, মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচি এবং সেদেশের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতি বছর ৫০ লাখ ডলার অনুদানের মাধ্যমে, রাখাইনে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি প্রকল্পসহ মিয়ানমারের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা জোরদার করতে যাচ্ছে ভারত। এছাড়াও মিজোরাম ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ উন্নত করার লক্ষ্যে মিয়ানমারের চিন প্রদেশের বিয়ানিউ সীমান্তহাট সেতু নির্মাণের জন্য ২০ লাখ ডলার অনুদানেরও ঘোষণা দিয়েছে ভারত।

এছাড়াও মিয়ানমারে জ্বালানি খাতে বৃহদাকারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ভারত। মিয়ানমারে একটি পেট্রোলিয়াম পরিশোধনাগার নির্মাণের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে একটি উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। বৈঠকে প্রকল্পটিতে ৬০০ কোটি ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ভারত। ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল), ইয়াঙ্গুনের নিকটবর্তী থানলিনে জ্বালানি তেল পরিশোধনাগারটি নির্মাণের প্রস্তাব দিয়েছে। এ প্রকল্প থেকে উভয় দেশই লাভবান হতে পারে বলে জানিয়েছেন,আইওসিএল-এর উচ্চপদস্থ আধিকারিকগণ। উল্লেখ্য, মিয়ানমারের জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগের ৭০ শতাংশেরই যোগানদাতা চীন। মিয়ানমারে জ্বালানি তেল পরিশোধনাগারের সংখ্যাও খুবই অপ্রতুল এবং দেশটির জ্বালানি চাহিদার বড় একটি অংশই আমদানিনির্ভর।

ভারত ও মিয়ানমারের মধ‍্যকার দ্বিপক্ষীয় বৈঠকে, সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে কার্যকর আলোচনা হয়। বৈঠকে উভয় দেশের পক্ষ থেকেই নিজ নিজ এলাকায় অন্য দেশের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত কর্মকাণ্ড হতে না দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। এ সময় মিয়ানমারের ২২ বিদ্রোহী ভারতীয়কে নয়াদিল্লির কাছে হস্তান্তরের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছে ভারত। এছাড়াও ভারতের পক্ষ থেকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে গৃহযুদ্ধ কবলিত রাখাইন প্রদেশে দ্রুত স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমারকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে।

রাখাইন প্রদেশে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে, কৃষি যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহারের কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্য- রাখাইন স্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (আরএসডিপি) চুক্তিকে আরো এগিয়ে নিতে কাজ করছে ভারত ও মিয়ানমার। এই বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যেকার সমঝোতার আলোকে রাখাইনে রোহিঙ্গা উদ্বাস্তুদের নিরাপদ, টেকসই ও দ্রুত প্রত্যাবাসনের পক্ষে নিজস্ব অবস্থান পুনরায় ব্যক্ত করেছে ভারত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।