স্টাফ রিপোর্টার, যশোর: বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায় পৌছেছে। এ উর্ধ্বগতির পিছনে সরকারের মদদপুষ্টরা জড়িত। এ লুটপাটের অর্থ দিয়ে সরকারি লোকজন বিদেশে সম্পদের পাহাড় গড়ছে।
কিন্তু তারা এ সম্পদ ভোগ করতে পারবেন না। কারণ আপনাদের বিরুদ্ধে বিধিনিষেধ জারি হচ্ছে। আজ বিকাল সাড়ে তিনটায় জেলা বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও লাগামহীন দুর্নীতির প্রতিবাদে যশোরে অনুষ্ঠিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
যশোর শহরের লাল দিঘীরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, সময়ের অপেক্ষামাত্র। এ সরকারের পতন হবে এবং বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। সেইসাথে জনগণ স্বস্তি পাবেন।
সমাবেশে তিনি আরো বলেন, বর্তমানে অনির্বাচিত যে সরকার ভোট চুরি করে রাতের আধারে ক্ষমতা এসেছে তাদের বিদায় এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দরকার তত্ত¡াবধায়ক সরকার। সেইসাথে ইভিএমের পরিবর্তে দরকার ব্যালট পেপার।
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুলহক সাবুসহ, বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।




