ছাতক প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতকের দোলারবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য আওয়ামী তাঁতী লীগের সহ-সভাপতি আলহাজ্ব প্রভাষক আনোয়ার হোসেন। ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগিতা পেলে মানব সেবায় নিজেকে উৎসর্গ করার মাধ্যমে ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। এরজন্য তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করেছেন।
সম্প্রতি দৈনিক সুনামগঞ্জের সময়ের প্রতিবেদক হেলাল আহমদের সাথে একান্ত আলাপচারিতায় প্রভাষক আনোয়ার হোসেন বলেন, দোলারবাজার ইউনিয়নের অবহেলিত-অসহায় মানুষের দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করতে চাই। ইউনিয়নবাসীর সমর্থন, সহযোগিতা ও ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সকল অবহেলিত-অসহায় হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। কাঙ্খিত উন্নয়ন বঞ্চিত ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে এলাকায় শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন, অপরাধ প্রবনতা মাদকদ্রব্য চোরাচালান ও যাত্রা-জুয়া নির্মূল করণসহ নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ এবং বহুবিবাহ প্রতিরোধ, সমাজের সহিংসতা বন্ধ, যুব সমাজকে মাদকদ্রব্য সেবনের হাত থেকে ফিরিয়ে আনার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবো।
পাশাপশি আইন-শৃঙ্খলা রক্ষা, নেতিয়েপড়া অবহেলিত জনগোষ্ঠীদের সার্বিক সহযোগিতা, সামাজিক উন্নয়ন, আমন ও বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচের ব্যবস্থা, রাস্তা নির্মাণ, বিদ্যুতায়ন, লেখাপড়ার মানোন্নয়ন, খেলাধুলার ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে অবহেলিত ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এরজন্য তিনি সকলের সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করে আরো বলেন, আমি ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিকের একজন বিশ্বস্ত কর্মী হিসেবে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি।
বঙ্গবন্ধু ও আওয়ামীলীগকে মনেপ্রাণে ভালোবাসি বলে আমি আমার নিজগ্রামের একটি মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এককক্ষ বিশিষ্ট্য একটি ভবন করে দিয়েছি। পাশাপাশি মুজিব আদর্শের একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে আর্ত মানবতার সেবায় ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমতো অবহেলিত-অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে আসছি। এমনকি প্রবাসী পরিষদ কুর্শী, ছাতক সমিতি সিলেটসহ বিভিন্ন সেবামূলক সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রয়াস চালিয়ে যাচ্ছি।



