বিশেষ প্রতিবেদক : দেশ নয় বরং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াই মহাসংকটে রয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের একথা বলেন।।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বিবৃতিকে বিএনপির চিরায়ত মিথ্যাচারের নতুন সংস্করণ বলে অভিহিত করেন তিনি।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, পেট্রোল বোমা মেরে নিরীহ জনগণ হত্যা, পার্কিং করা তালাবদ্ধ গাড়িতে আগুন দিয়ে ঘুমন্ত বাস শ্রমিককে পুড়িয়ে হত্যা, পথচারী ছাত্রীকে বোমা মেরে আহত করা, কর্তব্যরতআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করা, ক্ষমতায় বসে সরকারি বাহিনীকে অপব্যবহার করে অগণিত প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী হত্যার মাস্টারমাইন্ড বেগম খালেদা জিয়া যখন মানবাধিকারের পক্ষে বিবৃতি দেন সেটি কেবল হাস্যরসের উদ্রেক করে।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক উন্নত ও স্থিতিশীল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বখ্যাত জরিপ সংস্থা গ্যালাপের সাম্প্রতিক জরিপে প্রকাশিত হয়েছে- ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি প্রথম ৩০টি রাষ্ট্রের মধ্যে। এই জরিপে বাংলাদেশেরঅবস্থান যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চেয়েও উপরে এবং জাপান ও নিউজিল্যান্ডের সমপর্যায়ে। সেখানে বেগম জিয়ার মিথ্যাচার কেবল অন্তঃসারশূন্যই নয়, প্রতিহিংসার নতুন বহিঃপ্রকাশ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন এবং জনকল্যাণের পথে দুর্বার গতিতে এগিয়ে চলছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দেশের এই উন্নয়নে সমগ্র দেশবাসী স্বস্তিতে রয়েছেন। জনগণনতুন স্বপ্ন ও আশায় উজ্জ্বীবিত হয়ে নিজনিজ অবস্থান থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে চলেছে। কিন্তু খালেদা জিয়া দেশ ও জাতির এই উন্নয়ন ও কল্যাণ সহ্য করতে পারছেন না।
প্রতিহিংসার অন্তর্জ্বলায় তিনি জ্বলছেন। সুতরাং দেশ নয়, স্বয়ং বেগম খালেদা জিয়াই এখন মহাসংকটে রয়েছেন।’বিবৃতিতে বলা হয়, ‘যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ২১ আগস্টে গ্রেনেড হামলার মতো নৃশংসতায় উন্মত্ত হন তিনি আবার মানবাধিকারের কথা বলেন।
পেট্রল বোমায় দেড় শতাধিক নিহতের পরিবার এবং আগুনে পোড়া অসহায় মানুষের আর্তনাদে এখনো বাংলাদেশের বাতাস ভারী হয়ে আসে। যার আগ্রাসী সন্ত্রাসী হামলা থেকে গর্ভবতীমা, অবোধ শিশুসহ নিরীহ জনগণ কেউই রেহাই পায় না। তাঁর মুখে মানবাধিকারের বাণী বড়ই বেমানান।’
ক্ষমতা এবং ক্ষমতার বাইরে থেকে যখন নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন তখন মানবাধিকারের জন্য খালেদা জিয়ার মায়াকান্না কোথায় ছিল বলে প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। বিবৃতিতে খালেদাজিয়াকে প্রতিহিংসার মানসিকতা পরিত্যাগ করে ইতিবাচক রাজনৈতিক ধারা ধারণ করার আহ্বান জানান তিনি।



