দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১,২০৩ জন। সুস্থ হয়েছেন ১,৪৫৩ জন এবং মৃত্যু বরণ করেছে ২৩ জন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক নাসিমা সুলতানার স্বাক্ষরিত করোনাভাইরাস নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ২৩ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৫০০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১,৪৫৩ জন নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জনে।
গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৮ জন। ২৩ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৫৯টি। এনিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২০ লাখ ৬১ হাজার ৫২৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ০৮ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ২৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

