দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আশুগঞ্জ নৌবন্দরে নৌযান চলাচল বন্ধ

বিশেষ প্রতিবেদকঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে ছয়টি নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার সকাল ৮টা থেকে নৌযান বন্ধের এ ঘোষণা দেয় বন্দর কর্তৃপক্ষ।

আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, দেশব্যাপী শুরু হওয়া ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির কারণে আজ সকাল ৮টা থেকে আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে ছয়টি নৌরুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে আশুগঞ্জ বন্দর নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে বন্দর কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধ রেখেছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত তাঁরা নৌ চলাচল শুরু করবেন না বলেও জানান তিনি।

বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে কষ্টে পড়েছেন নৌবন্দরে কাজ করা শ্রমিক ও দিনমজুররা। কারণ, সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ থাকায় বন্ধ রয়েছে তাঁদের উপার্জনও।

আবহাওয়া কার্যালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরো অগ্রসর হয়ে উপকূলীয় ভোলা জেলার আশপাশে অবস্থান করছে। এটি আরো অগ্রসর হয়ে স্থলভাগের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সতর্কতা হিসেবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।