টাঙ্গাইল প্রতিনিধিঃ দুর্গাপূজায় ৩ দিনের সরকারী ছুটি ঘোষণার দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বরাবর এক স্মারক লিপি প্রদান করে।
আজ ১৮ সেপ্টেম্বর ২০১৬ রবিবার ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বিপ্লব দত্ত পল্টন, জেলা শাখা টাঙ্গাইলের সাধারণ সম্পাদক অলক কুমার দাস, জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি দিপক কুমার ঘোষ, জেলা হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার দত্ত, বাসাইল উপজেলা হিন্দু মহাজোটের আহ্বায়ক সামন্ত রাজবংশী, মটরা ইউনিয়ন হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক চেতন রাজবংশীসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মী। এছাড়াও জেলার ঘাটাইলসহ অন্যান্য উপজেলা শাখা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারক লিপি প্রদান করছে।
স্মারক প্রদানকালে জেলা প্রশাসক অনুপস্থিত থাকাতে জেলা প্রশাসকের পক্ষে স্মারক লিপি গ্রহন করে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন।
স্মারক লিপিতে তারা বলেন, হিন্দুরা এদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করেই হিন্দু সম্প্রদায় পিতা-মাতা, সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে মিলিত ভাবে ধর্মীয় আচার পালন করবার স্বপ্ন দেখে। কিন্তু দুর্গা পূজায় মাত্র একদিনের ছুটি থাকায় ধর্মীয় দায়িত্ব পালন করা থেকে বঞ্চিত হয়ে হিন্দু সম্প্রদায়ের এই দিনগুলি নিরাশা, হতাশা ও বেদনার ভিতর দিয়ে অতিবাহিত হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে সকল সম্প্রদায়ের সমান সুযোগ ও ধর্মনিরপেক্ষ নীতি সংযুক্ত করেছে। হিন্দু সম্প্রদায় আশা করে আসন্ন দুর্গাপূজার আগেই হিন্দু সম্প্রদায়ের এ প্রাণের দাবিটি সরকার পূরণ করবে।
এবিষয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অলক কুমার দাস দুঃখ প্রকাশ করে বলেন, দুর্গা পূজায় মাত্র একদিনের ছুটি থাকে। তাও সেটা দশমীর দিন, যেদিন পূজা শেষ হয়ে যায়। এটা অত্যন্ত অমানবিক।



