বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ নাশকতার দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৯ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ১২ নভেম্বর ধার্য করেছে আদালত।
মঙ্গলবার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম নু রনবী এই তারিখ ধার্য করেন।
এদিন উভয় মামলায় চার্জগঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলটির প্রধান আসামি মির্জা ফখরুল অসুস্থতার জন্য আদালতে আসতে না পারায় সময় আবেদন করা হয়।
মামলাগুলোর মধ্যে পল্টন থানার গাড়ী পোড়ানোর দ্রুত বিচার আইনের মির্জা ফখরুলসহ ২৬ জন আসামী। অন্যদিকে শাহজাহানপুর থানার নাশকতার অপর মামলায় মির্জা ফখরুলসহ ২৩ জন আসামী।
উভয় মামলার উল্লেখ্যযোগ্য আসামীরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, মীর সরাফাত আলী সফু, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, আব্দুল আলীম, রফিকুল ইসলাম মজনু, হামিদুর রহমান হামিদ, এসএম জাহাঙ্গীর, মামুন হাসান, ইসহাক সরকার, খন্দকার এনামুল হক, হুমায়ুন কবির রওশন ও আবুল মনসুর খান দীপন।
ফখরুলসহ ২৬ নেতাকর্মীর মামলাটি ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ মার্চ পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১৩ সালের ২৬ মার্চ চার্জশিট দাখিল করেন।
অন্যদিকে ফখরুলসহ ২৩ নেতাকর্মীর মামলাটি ২০১৩ সালের গত ২ মার্চ রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগাস্থ বাটা সু স্টোরের সামনে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই বছর ২০ মার্চ ওই থানার এসআই রুহুল আমিন মুন্সি আদালতে চার্জশিট দাখিল করেন।



