জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (শুক্রবার) সকালে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দলীয় সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা জানান।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত মহাজোটের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন। স্পিকার পরে জাতীয় সংসদের শপথ গ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এরপর পৃথক অনুষ্ঠানে জাতীয় পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (মঞ্জু) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সকলে শপথ বইয়ে স্বাক্ষর করেন। তবে ঐক্যফ্রন্টে সাংসদরা শপথ নেননি। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।




