দক্ষিণ চট্টগ্রাম কর্ণফুলীতে কে হচ্ছেন নৌকার মাঝি!

চট্টগ্রাম প্রতিবেদক/ রাজিব শর্মাঃ নির্বাচনী তফশিল পরিবর্তন হওয়ায় কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহনের নতুন তারিখ নির্ধারন করা হয়েছে ২০ আগষ্ট। বিগত ১৯ জুন নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনা করলেও গেল ২৮ জুন তা পরিবর্তন করা হয়। এতে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২৪ জুলাই, যাচাই বাছাই হবে ২৬ জুলাই, প্রত্যাহারের সময় ২ আগষ্ট।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাঈদ জানিয়েছেন, প্রথমে নির্বাচনে তফশিল ঘোষণা করা হলেও বিগত ২৮ জুন পরিবর্তিত নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কর্ণফুলী উপজেলা নির্বাচনে মোট ভোটার প্রায় ১ লাখ ৭ হাজার ৭৯৯ ভোট। তদ্মধ্যে পুরুষ ৫৩ হাজার ৫৯৯ এবং মহিলা ৫৪ হাজার ২০০ ভোট। ভোট কেন্দ্র ৪০টি।

এদিকে প্রথম বারের মতো দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে সরকারী দল আওয়ামীলীগে প্রার্থীদের মধ্যে প্রতিযোগীতা শুরু হয়েছে। নৌকার প্রার্থী হওয়ার জন্য ৫ প্রার্থী দৌড়ে থাকলেও বর্তমানে আলোচনায় রয়েছেন দুজন। কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে বিভিন্ন ভাবে দৌড়ঝাপ শুরু করেছেন দক্ষিন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী হায়দার আলী রণি, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ  সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, আওয়ামীলীগ নেতা ও চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী।

এদের মধ্যে উপজেলা নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সেক্রেটারী ইঞ্জিনিয়ার ইসলাম আহমদের। এ দুজনই বিগত পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। অবশ্যই কর্ণফুলী উপজেলার শিকলবাহা, চরলক্ষ্যা, চরপাথরঘাটা, বড়উঠান ও জুলধা ৫ ইউনিয়ন পটিয়া উপজেলার সাথে সংযুক্ত ছিল।

দলীয় প্রতীকের ক্ষেত্রে কর্ণফুলী-আনোয়ারা সংসদীয় আসনের সংসদ সদস্য ও ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সমর্থন আদায়েও ব্যস্থ অনেকে। এক্ষেত্রে তাঁর সমর্থন যার পক্ষে যাবে সে হবে কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মাঝি।

ইতিমধ্যে সম্ভাব্য ৫ প্রার্থীর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনা রয়েছেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফারুক চৌধুরী ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি। এর মধ্যে ফারুক চৌধুরীর সম্ভাবনা বেশি বলে আওয়ামীলীগের কয়েকজন নেতা জানান।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে শিকলবাহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ফোরকান, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, কর্ণফুলী উপজেলা যুবলীগের সেক্রেটারী সেলিম হক ও দক্ষিন জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল মান্নান খানের নাম শোনা যাচ্ছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোমেনা আকতার নয়ন এবং সাধারণ
সম্পাদক ও চরপাথরঘাটা ইউপি সদস্য বানাজা বেগম। ইতিমধ্যে প্রার্থী নির্ধারনে কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের একটি বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। সভায় সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য শোনেন ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। তবে প্রার্থীতা নির্ধারনের বিষয়ে ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কোন সিদ্ধান্ত দেয়নি।

এ সিদ্ধান্তের পর দক্ষিণ জেলা আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের কাছে তালিকাটি পাঠানো হলে সে তালিকা কেন্দ্রে প্রেরণ করা হবে। তবে কে পাচ্ছেন সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।