ঢাকা: বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্ধারিত সময়ের মধ্যে চালু করতে উভয় দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইউনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার দ্রুতগতিতে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, সম্ভাব্য উদ্বোধনের তারিখ সামনে রেখে Operational Readiness and Airport Transfer (ORAT) কার্যক্রম দ্রুত শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, এ কার্যক্রম শুরু করতে জাপানিজ স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে আগামী মাসের মধ্যেই দরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণেও জাপানি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি জনগণের জন্য উন্মুক্ত করতে জাপানের ধারাবাহিক সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।
জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইউনো ইয়োশিমাসা বলেন, বাংলাদেশ-জাপান সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠক শেষে পুনরায় ঢাকা-নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইউনো ইয়োশিমাসার হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার-এর একটি প্রতিকৃতি স্মারক হিসেবে তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।



