ঢাকার জজ আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিনতাই

ঢাকার জজ আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিনতাই

ঢাকার জজ আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ও জেএমবি সদস্য আবু বকর সিদ্দিক ও মইনুল ইসলামকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

আজ রোববার (২০ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান হারুন-অর-রশীদ।

জানা গেছে, সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল থেকে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় ঢাকা জেলা জজ আদালতের গেটে আগে থেকে ওৎ পেতে থাকা জঙ্গিরা আবু সিদ্দিক ও মইনুলকে ছিনিয়ে নেয়। এ সময় তারা কর্তব্যরত পুলিশের চোখে অতর্কিতে স্প্রে করে ও পুলিশকে মারধর করে। আশপাশের অন্যরা বাধা দিতে এলে তাদের চোখেও স্প্রে করে জঙ্গিরা। এ সময় জজ আদালত চত্বরে এক ভীতিকর পরিস্তিতি সৃষ্টি হয়।

ঢাকা মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর মো. আবদুল্লাহ আবু বলেন, ‘সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজিরা শেষে আদালত থেকে নামিয়ে গারদখানায় নেওয়ার সময় এ ঘটনা ঘটে। আসামিরা হত্যা মামলার আসামি, তারা জঙ্গি। বাইরে থেকে দুটি মোটরসাইকেলে ৪ জন লোক আসে। একটি বাইক তারা ফেলে গেছে, আরেকটি বাইক নিয়ে তারা পালিয়েছে। দুজনকে তারা ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশের চোখে স্প্রে করেছে, পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী আছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা যে জঙ্গি সংগঠনের সদস্য সেটা স্পষ্ট বোঝা যায়।’

এ বিষয়ে ডিবিপ্রধান হারুন-অর রশীদ জানান, আশপাশের সবগুলো চেকপোস্টকে সতর্ক করা হয়েছে। আশা করি, খুব শিগগিরই পলাতক জঙ্গিদের আটক করতে সক্ষম হব।

উল্লেখ্য, পলাতক দুই জঙ্গি আবু সিদ্দিক ও মইনুল ইসলাম প্রকাশক ফয়সাল আরেফিন দীপন ও অভিজিৎ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৫ সালের অক্টোবরে দীপনকে হত্যার দায়ে গত বছরের ১০ ফেব্রুয়ারি ঢাকার একটি ট্রাইব্যুনাল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীর ৮ সদস্যকে মৃত্যুদণ্ড দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।