ডেরা সাচা সৌদা: হিংসা উসকানো মিডিয়ার কাজ নয়

নিখিলেশ রায়চৌধুরী: ডেরা সাচা সৌদা-র তথাকথিত গুরুর জেল হওয়াকে কেন্দ্র করে যে তাণ্ডব শুরু হয়েছে সেটা খুব একটা অনভিপ্রেত ছিল না৷ এই ধরনের বিরিঞ্চিবাবারা কী করতে পারে তা এর আগে মথুরায় দেখা গিয়েছে৷ সেখানে কে এক রামবৃক্ষ না কী নাম— তাকে কেন্দ্র করে আগুন জ্বলে গিয়েছিল৷ তাই হরিয়ানায় যে আগুন জ্বলছে তা অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না৷ বিশেষ করে এখন এই ধরনের বিরিঞ্চিবাবাদের হাত ধরে অস্ত্রশস্ত্র থেকে মাদক, সব কিছুরই ঢালাও এবং ফলাও কারবার যখন এদেশে চলছে৷

স্মাগলার থেকে সাধুবাবা বনে যাওয়ার উদাহরণ এই ভারতেই আগে দেখা গিয়েছে৷ শুধু তাই নয়, সেই সাধুবাবার গায়ে কালি লাগলে ফ্যানাটিক ভক্তরা কতখানি ভয়ংকর হয়ে উঠতে পারে, তাও দেখা গিয়েছে৷ তার পরেও তালিকা কিছু কম হয়নি৷ ঠিক যেমন আগেও উদাহরণের কিছু কমতি ছিল না৷ না হলে ‘পরশুরাম’ অর্থাৎ রাজশেখর বসুকে ‘বিরিঞ্চিবাবা’ লিখতেই হত না৷ এই ধরনের বিরিঞ্চিবাবাদের দেখা সব ধর্মেই মিলেছে৷ সুতরাং, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই৷ এখন যেটা চিন্তার সেটা এই, এহেন বিরিঞ্চিবাবারা এতটাই ক্ষমতাবান যে, তাদের নিয়ে সিনেমা পর্যন্ত হয়৷ আর স্মার্ট ফোন, আই-ফোনের কল্যাণে তাদের ভক্তকুলের সংখ্যাও কিছু কম নয়৷

এ রকম একটা অবস্থা যে হতে পারে, তার জন্য কিন্তু প্রশাসনের আগে থেকেই কিছুটা হুঁশিয়ার থাকা উচিত ছিল৷ তবে, টিভি-তে যা দেখলাম তাতে নিজে সাংবাদিক হয়েও বলতে বাধ্য হচ্ছি— বিভিন্ন টেলি মিডিয়া নিজেদের টিআরপি তুলতে যেভাবে পরিস্থিতিটাকে আরও উসকে দিল তাতে হলিউডের একটি সিনেমার কথা এই মুহূর্তে বেশি মনে পড়ছে৷ ম্যাড সিটি! মাঝে মাঝে মনে হয়, এই স্মার্ট ফোনের যুগে শিক্ষিত-অশিক্ষিত মিলিয়ে সমাজের একটি বড় অংশ যেমন দিগভ্রান্ত হয়ে গিয়েছে তেমনই মিডিয়ার পার্সনালিটিদেরও একই অবস্থা হয়েছে৷ ইদানীংকালে এটা আমরা অবশ্য পিটার মুখার্জি-ইন্দ্রাণী মুখার্জির কেসে দেখেছি৷ সমাজের একটি বড় অংশের মতো মিডিয়ার মানুষজনও এখন এক গভীর অসুখে আক্রান্ত৷ হয়তো তাদের মধ্যেও এক-একজন স্বঘোষিত বিরিঞ্চিবাবা কিংবা বিরিঞ্চি মা-র জন্ম হয়েছে৷
এখন টাটকা টেলি কভারেজ দেখে মনে হয়, কোনও পরিস্থিতির খবর নিরপেক্ষভাবে দেওয়ার বদলে তারা যেন সংকট আরও ঘোরালো করে তুলতেই বেশি তৎপর৷ সমস্যা পেকে ওঠার আগেই তারা তা এমনভাবে অনেক সময় পরিবেশন করে যাতে পরিস্থিতি প্রশাসনের আয়ত্তের বাইরে চলে যায়৷ যদি এতে কেউ আমাকে গাল পাড়েন তো পাড়বেন৷ কিন্তু দেখেশুনে এটাই একাধিকবার মনে হয়েছে৷ হরিয়ানার ক্ষেত্রেও মনে হচ্ছে৷

এটা ঠিকই যে, কোনও ঘোরালো পরিস্থিতিতে সব থেকে বেশি বিপদের মুখে পড়েন ফিল্ডে কর্মরত সাংবাদিকরা৷ মৃত্যুর মুখে দাঁড়িয়েই তাঁদের অনেককে কাজ করতে হয়৷ সত্য কথা লিখে কিংবা প্রকাশ করে নিহত হওয়া সাংবাদিকের সংখ্যা ইদানীংকালে এদেশে কিছু কম নয়৷ কিন্তু মাঝে মাঝে উপরতলার নির্দেশে হোক কিংবা অতিরিক্ত উৎসাহের বশে সেই সাংবাদিকরাই এমন কিছু কাণ্ড করে বসেন, যার ধাক্কা গোটা সমাজের উপর পড়ে৷ দুর্ভাগ্যক্রমে হরিয়ানার ঘটনা দেখে কিন্তু সেটাই বেশি মনে হচ্ছে৷ সিবিআই কোর্ট রায় দিতে না দিতেই একের পর এক টেলি চ্যানেল যেভাবে ঝাঁপিয়ে পড়ল তাতে উত্তেজনা উত্তরোত্তর ছড়াল, আগুন জ্বলল, এখন তো পুলিশের গুলিতে মৃত্যুর সংখ্যাও ক্রমাগত বাড়ছে বলে শোনা যাচ্ছে৷ এর পর না মিলিটারিকে নামতে হয়৷

তবে হালআমলে এই ধরনের পরিস্থিতি শুধু ভারত নয়, আমেরিকার মতো দেশেও দেখা যাচ্ছে৷ কারা এজেন্ট প্রোভোকেচারের কাজ করছে তা বোধগম্য হচ্ছে না৷ মার্কিন প্রশাসন হয়তো বিদেশি গুপ্তচর বাহিনীকে দায়ী করবে৷ কিন্তু আমার ধারণা এর পিছনে রয়েছে তরুণ প্রজন্মের একটি উল্লেখযোগ্য অংশ, যারা জানে না কী করবে৷ মাদক আর কম্পিউটার হ্যাকিং তাদের ভবিষ্যৎ ঝরঝরে করে দিচ্ছে৷ সেটা যেমন উন্নত আমেরিকাতেও ঘটছে, তেমন আমাদের ভারতেও ঘটছে৷ অদ্ভূতভাবে নিজেদেরই শেষ করে দেওয়ার যেন একটা প্রচণ্ড তাগিদ কাজ করছে তাদের মধ্যে৷

যা অবস্থা তাতে পৃথিবীর প্রায় প্রতিটি গণতান্ত্রিক দেশকেই একের পর এক ভয়াবহ পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে৷ ডেরা সাচা সৌদা-র বিরিঞ্চিবাবাকে জেলে পাঠানোর আগে গোটা পরিস্থিতিটা কেন কেন্দ্র কিংবা হরিয়ানার রাজ্য প্রশাসন সেদিক থেকে আন্দাজ করল না, বুঝতে পারছি না৷ বিশেষ করে, পাঠানকোট হামলার পরে যখন পাঞ্জাবে মাদক চক্রের বিশাল নেটওয়ার্ক ধরা পড়ল৷
আমেরিকার তো এখন অবস্থা যে, সেখানে মাদক চোরাচালান-অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো বরাবর দেওয়াল তুলতে বদ্ধপরিকর৷ এমন অবস্থা যে, তার জন্য তিনি হুকুম জারি করে নিজের প্রশাসনকেই সাময়িকভাবে অচল করে দেবেন হুংকার ছেড়েছেন৷ এই পরিস্থিতিতে ভারতের মতো দেশে ব্যস্তসমস্ত হয়ে নিউ টেকনোলজি আনার আগে সরকারের আগাম সতর্কতার কথা ভাবাটা অনেক বেশি জরুরি ছিল৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।