স্পোর্টস ডেস্কঃ ১৯৭১ সালের ৫ জানুয়ারির পর ক্রিকেট বিশ্বে আরও তিন হাজার ৯০২টি ওয়ানডে ম্যাচ হয়েছে। গর্ডন গ্রিনিজ-ডেসমন্স হেইন্স, ডেভিড বুন-রডনি মার্শ, শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী, শচীন-শেবাগ, অ্যাডাম গিলক্রিস্ট-ম্যাথু হেইডেন অসংখ্য নামকরা উদ্বোধনী জুটি দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে ওয়ানডেতে কখনই টানা দুটি ম্যাচে ২০০ বা তার চেয়ে বেশি রানের জুটি দেখা যায়নি। ওয়ানডে ক্রিকেটের ৪৬ বছরে এই প্রথম এমন একটি রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান ওপেনার নিরোশান দিকভেল্লা ও দানুশকা গুনাথিলাকা। হাম্বানটোটায় জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে এমন বিরল রেকর্ড গড়লেন তাঁরা।
হাম্বানটোটায় সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দিকভেল্লা ও গুনাথিলাকা উদ্বোধনী জুটিতে ২০৯ রান যোগ করেন। এর আগে তৃতীয় ওয়ানডেতে ২২৯ রান যোগ করেছিলেন তাঁরা।
শনিবার শ্রীলঙ্কার প্রথম উইকেট পড়ে ৩৬তম ওভারে। ততক্ষণে স্কোরে উঠে গেছে ২০৯ রান। ম্যালকম ওয়ালারের বলে বোল্ড হওয়ার আগে ৮৭ রান করেন গুনাথিলাকা। দুই ওভার পরে সেঞ্চুরি পূর্ণ করেন দিকভেল্লা। ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা সপ্তম লঙ্কান ব্যাটসনম্যান হলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর আগে রয় ডিয়াস, রোশান মহানামা, সনত জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা দেশটির হয়ে ব্যাক টু ব্যাক শতক করেন। আউট হওয়ার আগে ১১৬ রান করেন।
দিকভেল্লার ১১৬, গুনাথিলাকার ৮৭, অ্যাঞ্জেলো ম্যাথুস ৪২ ও উপুল থারাঙ্গার ২২ রানে ভর করে ৫০ ওভারে চয় উইকেটে ৩০০ রান করে শ্রীলঙ্কা।



