ট্রাকে গিয়ে লাগল মোটরসাইকেল, নিহত ২

মাদারীপুরে সড়কে ওপর দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন শরিয়তপুর জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে দিগন্ত মোল্লা (১৮) শরিয়তপুর পৌরসভার তুলাসা এলাকার ইউনুস মোল্লার ছেলে। অপরজনের (১৮) নাম জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, শরিয়তপুর থেকে মোটরসাইকেল যোগে ওই দুই তরুণ মাদারীপুর শহরের দিকে আসছিলেন। মঠেরবাজার এলাকায় মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন বলেন, ‘একটি মোটরসাইকেল গিয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আপাতত একজনের পরিচয় মিলেছে। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।