ঢাকা, ৩ শ্রাবণ (১৮ জুলাই) :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কোন কোন জেলায় প্রকৌশলীরা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন। একজন কর্মকর্তাকে রাজনৈতিক বা অন্য কোন ক্ষমতা দেখিয়ে প্রভাবান্বিত বা হয়রানি করতে চাইলে জানাবেন, আপনাদের পাশে দাঁড়াব। তিনি বলেন, টেন্ডার এবং অন্যান্য কর্মকান্ডে কাজ শেষ না করে দ্রুত বিল দিতে হবে, জোরপূর্বক তার লোককে টেন্ডার দিতে বাধ্য করা হবে – এই প্রবণতা কোনভাবেই প্রধানমন্ত্রীর মনোভাবের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এক্ষেত্রে ভীত সন্ত্রস্ত্র হবার কোন কারণ নেই বলে মন্ত্রী প্রকৌশলীদের আশ্বস্ত করেন।
গণপূর্ত মন্ত্রী আরো বলেন, ‘দেশটা সকলের। এ দেশ গড়ায় সকলের সক্রিয় অংশগ্রহণ দরকার। উন্নয়ন প্রক্রিয়ায় গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। তাই উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পারেন। তিনি আশ্বস্ত করে বলেন মাঠ পর্যায়ের সমস্যা, প্রতিকূলতা, দাবি-দাওয়া সবই দেখা হবে। আইনের পরিসরের মধ্যে সমাধানের চেষ্টা করবো। প্রয়োজনে বিধি-বিধান পরিবর্তনের চেষ্টা করবো। ‘গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বিশেষায়িত পদ এবং শিক্ষা যাতে কোনভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়টি সতর্কতার সাথে মনে রাখতে হবে। মন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তরের তিন দিনব্যাপী প্রকৌশলীদের বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাহাদাত হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলীগণ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ ঊর্দ্ধতন কর্মকর্তাগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮ জুলাই থেকে ২০ জুলাই ২০১৯ পর্যন্ত তিন দিনব্যাপী গণপূর্ত অধিদপ্তরের এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।



