পিপিডির সদস্য দেশগুলোর মধ্যে প্রজনন স্বাস্থ্য, জনসংখ্যা এবং উন্নয়নের সেরা দৃষ্টান্তসমূহ আদানপ্রদান করা উচিত যাতে আমরা একে অপরের কাছ থেকে শিখে পারষ্পরিকভাবে লাভবান হতে পারি। জনগণের জীবনমান উন্নয়নে আমাদের প্রতিশ্রুতি বদ্ধ হওয়া উচিত যাতে আমরা জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারি। বলেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ ০৭ জুলাই রবিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে জনসংখ্যা ও উন্নয়নভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করে ‘পার্টনারস ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট'(পিপিডি) এর ৩৯তম নির্বাহী কমিটির সভা এবং ২৭তম বোর্ড কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
পার্টনারস ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (পিপিডি) একটি আন্তঃসরকারি সংগঠন যা সদস্য রাষ্ট্রসমূহের মধ্যকার জনসংখ্যাজনিত ও উন্নয়নভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত এ সভাসমূহে পিপিডির সদস্য রাষ্ট্রের ২৩ টি দেশের মন্ত্রী ও সহযোগী সমন্বয়কারীগণ অংশগ্রহণ করেন।
নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আজ আমাদের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, অংশীদারিত্ব, নেটওয়ার্কিং, যুগোপযোগী উদ্ভাবন এবং প্রযুক্তি স্থানান্তরে সহযোগিতা আগের চেয়ে বেশি প্রয়োজন। উদ্ভুত নানান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সদস্য রাষ্ট্রসমূহ একসাথে কাজ করলে আমরা যথাযথ সমাধান খুঁজে পাব।
নির্বাহী বোর্ডের এ সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জনাব মোঃ আজিজুর রহমান, পিপিডি বোর্ডের সেক্রেটারি মোহাম্মদ দোয়াগি, চায়না স্বাস্থ্য কমিশনের উপমহাপরিচালক লি ওয়েইসহ ইন্দোনেশিয়া, বেনিন, তিউনেশিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে মন্ত্রীপর্যায়ের ব্যক্তিবর্গ এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




