বিশ্বজিত দত্তঃ ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার টিটু রায়ের পক্ষে রংপুরের কোন আইনজীবীই ওকালতনামা দেয়নি। ধারণা করা হচ্ছে অদৃশ্যকোন নিষেধাজ্ঞায় কোন উকিল টিটু রায়ের পক্ষে আদালতে দাঁড়ায়নি। অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
আজ ১৬ই নভেম্বর বৃহস্পতিবার ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার টিটু রায়কে রংপুর জেলা আদালতে তোলা হয়।
রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, এখানে আইনজীবী সমিতির কোন ব্যাপার নেই। কোন আইনজীবী যদি না দাঁড়ায় তবে আমরা কী করবো। কোন আসামীর পক্ষে উকিল না দেওয়ার সিদ্ধান্ত আইনজীবী সমিতি আইনত করতে পারে না। তাছাড়া আপনারা ঢাকায় বসে টিটু রায়কে অযথাই হীরো বানাবেন না। টিটুর ঘরবাড়ি এখন ইন্ডিয়া- বাংলাদেশ মিলে নির্মাণ করে দিচ্ছে।
আইনজীবী সমিতির সহ সম্পাদক বাবুল সেনা জানিয়েছেন, টিটু রায়ের পক্ষে দাড়ানোর কোন নিষেধাজ্ঞা ছিল না। তবে কেউ দাঁড়ায়নি। কেন দাড়ায়নি এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
অন্যদিকে টিটু রায়কে আইনী সহযোগীতা দিতে গতকাল ঢাকা থেকে গিয়েছেন, রবীন্দ্র ঘোষ। তিনি বলেন, আমি যখন রংপুর এসেছি তখন কোর্ট শেষ হয়ে গিয়েছে। আমি এসপির সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন টিটুর বিরুদ্ধে কোন চার্জশীট দেয়া হবে না। তাকে নিরাপত্তার জন্য গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখছি তাকে নিয়মিত মামলায় ঢোকানো হচ্ছে।
তিনি বলেন, টিটু রায়ের ২ বোনকে ৭ বছর আগে বাড়ি থেকে তুলে নেয়া হয়েছিল। এটি আমাকে বলেছে টিটুর মা। তিনি বলেন, টিটুরা এত গরীব যে টিটুকে যখন কোর্টে তোলা হয় তখনও তারা সেখানে উপস্থিত হতে পারেনি। ভয়ে তারা বের হচ্ছেন না। আসলে টিটুকে দেখবার কোন লোক নেই।
এ বিষয়ে গতকাল হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেন, কোন হিন্দু নির্যাতনের পক্ষে এডভোকেট না দাঁড়ানো এখন প্রায়ই ঘটছে। এর আগে রসরাজ, প্রবীর শিকদার কারো পক্ষেই এডভোকেট দাড়ায়নি। পরে প্রমানিত হয়েছে তারা নির্দোষ ছিলেন। যাই হউক আগামী শনিবার রংপুর যাবো। টিটু রায়ের পরিবারের এখন নিরাপত্তা প্রয়োজন।
উল্লেখ্য, টিটু রায়ের ফেসবুক স্টেটাস সম্পর্কে রংপুরের এসপি মিজানুর রহমান জানিয়েছেন, তার স্ট্যাটাসটি এখন আর খোঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর ঘটনাস্থল পরিদর্শন করে বলেছিলেন, টিটু লেখা পড়া জানে না। তিনি ৮- ১০ বছর আগেই রংপুর থেকে নারায়ণগঞ্জে চলে গেছেন।
