টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সদরে সেফটি ট্যাঙ্কের কূপ থেকে গলায় ইটের বস্তা বাঁধা হিন্দু স্বামী স্ত্রীর লাশ উদ্ধার।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর থেকে হিন্দু দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- সদর উপজেলার রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস (৬৮) ও তাঁর স্ত্রী কল্পনা রাণী দাস (৫৯)। নিহতদের বাড়ির নির্মাণাধীন দালানের সেফটি ট্যাঙ্কের কূপ থেকে ওই লাশ দুটি উদ্ধার করা হয়।
সরেজমিনে গিয়ে জানা যায় গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিল ওই দম্পতি। বৃহস্পতিবার দুপুরে বাড়ির সেফটি ট্যাঙ্কের কূপ থেকে গলায় ইটের বস্তা বাঁধা স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। এদিকে শিক্ষক অনিল কুমার দাস ও কল্পনা রানী দাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যার খবর পাওয়া মাত্রই তাদের লাশ একনজর দেখার জন্যে বাড়িতে হাজারো মানুষ ছুটে আসেন।
এলাকাবাসী জানান, সকালে দুধ দিতে আসা ব্যক্তি অনেকক্ষণ তাদের ডাক খোঁজ করেও তাদের পাননি। তারপর রাজমিস্ত্রি বাড়িতে কাজ করতে এসে অনেকক্ষণ ডাকাডাকি করে, তারপর তারা দেয়াল টপটিয়ে ভেতরে প্রবেশ করে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন সারা শব্দ না পেয়ে তাদের ওস্তাদের কাছে জানালে ওস্তাদ অনিল দাসের মোবইলে কল করলে মোবাইল বন্ধ পেয়ে তিনি সবাইকে জানান। এরপর গালা ইউনিয়নের চেয়ারম্যান রাজকুমার সরকার এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে খোজাখুজি করে সেফটি ট্যাঙ্কের কূপ থেকে গলায় ইটের বস্তা বাঁধা স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করে। এর আগে সকালে নিহত অনিল দাসের মাসতুতো ভাই আনন্দ দাস তার ছোট ছেলেকে দিয়ে দুই হাজার টাকা পাঠায়। সে টাকাও না দিতে পেরে আনন্দ দাসকে জানালে তিনি নিহত অনিল দাসের মোবাইলে ফোন করে ফোন বন্ধ পান।
রসুলপুর গ্রামের আবুল হোসেন নামের এক ব্যক্তি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের স্যার অনিল দাস অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাদের এই হত্যা মেনে নেয়া যায় না। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।
নিহত অনিল কুমার দাসের ছোট ভাই কবি স্বপন সৌমিত্র দাস বলেন, আমার ভাই ও বৌদি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাদের হত্যা করতে পারে এমন কোন শত্র“ আমার জানা মতে নেই। নিহত দম্পতির একমাত্র ছেলে নির্মল কুমার দাস ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকুরিরত এবং একমাত্র মেয়ে অঞ্জনা দাস আমেরিকা প্রবাসী।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যাকান্ডটি ঘটানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পাল, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজকুমার সরকার প্রমুখ।