ঝিনাইদহ প্রতিনিধি॥ ৫ জানুয়ারি’২০১৬: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় মেলার নামে প্রকাশ্যে চলা জুয়ার আসর বন্ধ ও জুয়ার সাথে সংশ্লিষ্টদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করার জন্য আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের চীফ জুাডশিয়াল ম্যাজেস্ট্রেট মোঃ জাকির হোসেন এ আদেশ দেন। আদেশের কপি ব্যবস্থা গ্রহনের জন্য তাৎক্ষণিক ভাবে ঝিনাইদহের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আদেশে তিনি উল্লেখ করেছেন, পত্র পত্রিকা ও বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পেরেছেন, ঝিনাইদহ শহরের নিউ একাডেমি হাই স্কুল মাঠ, হরিণাকুন্ডু পৌরসভার পিছনে, শৈলকুপা উপজেলার বসন্তপুর ও ভাটই বাজারের কড়ই তলা এবং মহেশপুরের বলিভদ্রপুরে এ জুয়ার আসর বসানো হয়েছে।
প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ধারা ৫ অনুযায়ী প্রকাশ্যে জুয়ার আসর বসানো দন্ডনীয় অপরাধ। প্রকাশ্যে স্থানে জুয়ার আসর বসানোর কারণে তরুন সমাজসহ এলাকার বিভিন্ন পেশার মানুষ তাতে আসক্ত হয়ে সামাজিক ব্যাধির সৃষ্টি করছে। এতে আইন শৃংখলার অবনতি ও সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। ফলে জুয়া আইন ১৮৬৭ এর ধারা ৫ অনুযায়ী সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার এখতিয়ারাধীন এলাকার যে সকল স্থানে জুয়ার আসর বসানো হয়েছে সেখানে প্রবেশ করে জুয়া খেলা বন্ধ, জুয়া খেলার যাবতীয় সরঞ্জামাদি জব্দ ও জুয়া খেলার সাথে সংশ্লিষ্টদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হলো।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুত্রে জানা গেছে, এ আদেশের কপি সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলায় ‘দৈনিক বেনারশি’, ‘দৈনিক সোনামনি’, ‘দৈনিক উল্লাস’সহ বিভিন্ন নামে চলছে জুয়ার আসর। বিজয় মেলার নামে চলছে অশ্লীল যাত্রা, হাউজি, ওয়ানটেন, ফড়গুটি, চরকাসহ নানা রকম প্রতারণা। এতে আসক্ত হয়ে পড়ছেন তরুণ ও কিশোরেরা। তাঁদের পড়ালেখার ক্ষতি হওয়ার পাশাপাশি সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন একাধিক অভিভাবক।


