ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৫ ডিসেম্বর’২০১৬: ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদের প্রার্থীদের নিয়ে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২টি সদস্য পদে ৬ জন প্রার্থী ও ১টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, রাজু আহম্মেদ রনি লস্কার, সদস্য পদের প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, শিবলী নোমানী প্রমুখ।
জেলা পরিষদের এ নির্বাচেন ১০ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসেবে জাহাঙ্গীর হোসেন সোহেল, শিবলী নোমানী, মোতালেব হোসেন ও আব্দুল গফুর এবং ১১ নং ওয়ার্ডের মোদাচ্ছের হোসেন ও সাবু, সংরক্ষিত মহিলা আসনের শামিমা আরা হ্যাপি ও আনোয়ারা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, এবার জেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জে ২টি সদস্য পদে ৬ জন প্রার্থী ও ১টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা সূত্রে জানাগেছে, কালীগঞ্জে ১০ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী। এই ওয়ার্ডে একটি পৌরসভা ও ৪টি ইউনিয়নের মোট ভোটার রয়েছে ৬৬ জন। তন্নোধ্যে পুরুষ ৫১ জন ও মহিলা ১৫জন। এছাড়া ১১ নং ওয়ার্ডে মোট প্রার্থী ২ জন। এই ওয়াডের্র ৫টি ইউনিয়নের ভোটার রয়েছে ৬৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫১ জন ও নারী ভোটার রয়েছে ১৫ জন।
কালীগঞ্জের মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ ও রঘুনাথপুর রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ২ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।
সভায় জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রার্থীদের সহযোগিতা কামনা করা হয়।



