আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে এক জামায়াত নেতাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছেন স্থানীয় সংসদ সদস্য দবিরুল ইসলাম সহ কয়েকজন কয়েকজন আওয়ামী লীগ নেতা।
সুপারিশকারীদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অখিল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক হাসান মিয়া, ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ ওরফে নির্মল।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, গত ১৬ নভেম্বর সংসদ সদস্য দবিরুল ইসলামের সই করা একটি সুপারিশপত্র হাতে পেয়েছি। সেখানে সন্ত্রাসবিরোধী মামলা থেকে সদর উপজেলা জামায়াতের আমির শামসুজ্জামান দুলালকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে বিষয়টি পুলিশ আমলে নেয়নি। দুলাল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে সেভাবেই তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
জামায়াত নেতা শামসুজ্জামান দুলাল বলেন, আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত নই। এ কারণে এমপি দবিরুল ইসলাম সহ আওয়ামী লীগ নেতারা সুপারিশ করেছেন।
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম বলেন, আমি কোনো জামায়াত নেতাকে মামলা থেকে অব্যাহতির বিষয়ে সুপারিশ করিনি। আমাকে বিতর্কিত করার জন্য কেউ আমার নাম, সিল ও স্বাক্ষর জাল করে এ কাজটি করেছে।
সুপারিশপত্রে স্বাক্ষরকারী সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অখিল চন্দ্র রায় বলেন, যেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি সুপারিশ করেছেন। সেখানে আমাদের সুপারিশ করতে কোন সমস্যা নেই। এ কারণে আমি সুপারিশ করেছি।
ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ বলেন, শামসুজ্জামান দুলাল আমাদের এলাকার ছেলে। তাকে কখনো কোনো অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল না। এ কারণে আমিও সই করেছি।
ঠাকুরগাঁও সদর থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, গত ১১ জুন রাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসামত তেওয়ারীগাঁও গ্রামে লুৎফর রহমানের বাড়িতে জঙ্গি সদস্য ও জঙ্গি-সমর্থকরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয। এসময় বিপুলসংখ্যক জিহাদি বই, লিফলেট ও চাঁদা আদায়ের রসিদসহ কয়েকজনকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়। পরে সদর উপজেলা জামায়াতের আমির শামসুজ্জামান দুলালসহ সাতজনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।
জামায়াত নেতা শামসুজ্জামান দুলালের বিরুদ্ধে রুহিয়া থানায় একটি মামলা রয়েছে বলে জানিয়েছেন রুহিয়া থানার ওসি খান মো. শাহরিয়ার।



