সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকাবাসীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ রণক্ষেত্রে রূপ নিয়েছে। মেসে এখনো অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আটকা আছে। তাদের উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিষ্ক্রিয়।
আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গেরুয়া বাজারে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা। এরপর রাত সাড়ে ৭টার দিকে এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
শিক্ষার্থীরা বলছেন, মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে বের হওয়ার আহ্বান জানায় এলাকাবাসী। স্থানীয়দের হামলার তিন ঘণ্টা অতিবাহিত হয়েছে। কিন্তু এখনও ১২ জনের বেশি পুলিশ ঘটনাস্থলে আসেনি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন এ বিষয়টি সমাধান করতে না পারলে শিক্ষার্থীরা বড় ধরনের হুমকির মুখে পড়বেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমি ঢাকা জেলা উত্তর পুলিশের সঙ্গে দফায় দফায় কথা বলেছি। কিন্তু তারা ফোর্স পাঠাতে ব্যর্থ। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।



