সিলেট ব্যুরোঃ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, লাল-সবুজের পতাকার মর্যাদা রাখতে আমাদের স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে হবে। পেঁয়াজের দামের ঝাঁঝে মানুষ আজ দিশেহারা, চালের দামও অস্বভাবিক। এর মধ্যে আবার কার স্বার্থে বিদ্যুতের দাম বাড়ানো হল সরকারের কাছে এমন প্রশ্ন করে তিনি বলেন, ‘১৯৮৬, ১৯৮৮, ১৯৯৬-এর ১৫ ফেব্রুয়ারি ও ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন আমাদের গণতান্ত্রিক ইতিহাসের কালো অধ্যায়। এনডিএম রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন দেখতে চায়। ফলাফল যেটাই হোক, আগামী জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখাবে এনডিএম।’ সিলেট জেলা শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার নগরীর মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে বিকাল ৩টায় এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দ সামিত সোয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এনডিএম’র মহাসচিব অধ্যাপক আবদুল্লাহ মো. তাহের।

