জনসংখ্যা বৃদ্ধি উদ্বেগের কারণ নয়

বিশেষ প্রতিবেদকঃ অনেকে বলেন বাংলাদেশের জনসংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে। কিন্তু এটি কোনো উদ্বেগের কারণ নয়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কারিগরি দক্ষতা বাড়াতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যদি এই জনসংখ্যাকে শিক্ষা-দীক্ষা দিয়ে তৈরি করতে পারি তারাই হবে মূল সম্পদ। আর সেই জন্যে স্থানীয় ও বৈশ্বিক শ্রমশক্তির চাহিদা অনুযায়ী পেশার সঙ্গে মিল রেখে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাকে ঢেলে সাজাতে হবে।

দক্ষ জনশক্তি একটি দেশ ও জাতির উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। জ্ঞানভিত্তিক ও প্রায়োগিক দক্ষতার সমন্বয়ে মানবসম্পদ উন্নয়নে শিক্ষাকে ঢেলে সাজাতে হবে। কারিগরি শিক্ষা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, আমাদের এ বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দিয়েছে। ১৯৯৬ সালে বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীর হার ছিলো ১.৮ ভাগ। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে সেটি এখন শতকরা ১৪ ভাগে উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সবচে’ বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এটি পর্যায়ক্রমে ২০৪০ সালের মধ্যে ৫০ ভাগে উন্নীত করা হবে। সে জন্যে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের।

দেশে বর্তমানে ৬৪টি টেকনিক্যাল ইনস্টিটিউট ও কলেজ চালু আছে। এরই মধ্যে ১শ’ উপজেলায় নতুন কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কারিগরি শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে। শুধু ছেলে নয়, মেয়েদেরও এগিয়ে আনতে হবে। বর্তমানে দেশে নারীদের জন্য ৪টিসহ ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং বেসরকারি পর্যায়ে সরকার অনুমোদিত ৪৬৭টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।