বাগেরহাটের চিতলমারীতে ছয় দিন ধরে নিখোঁজ সবুজ বিশ্বাসের হাত-পা বাঁধা কাঁথায় মোড়ানো অবস্থায় ডোবা থেকে লাশ উদ্ধার।
এ ঘটনায় সবুজের স্কুলে পড়া দুই বন্ধু সিব্বির খান ওরফে সাব্বির ও মো. লিমন খানকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১৩ই আগস্ট নিখোঁজ হন চিতলমারী শিবপুর কাটাখালি গ্রামের সবুজ। ১৬ই আগস্ট মোবাইল ফোনে সবুজের পরিবারের কাছে ৯০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় চিতলমারী থানায় একটি ডায়েরি করে পরিবার। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গোপালগঞ্জের বাগছিপাড়া এলাকা থেকে সাব্বির ও লিমন নামে দু’জনকে আটক করা হয়। পাশাপাশি সবুজের মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী, রোববার দুপুরে বাগেরহাটের শহরের পানি উন্নয়ন বোর্ডের ডোবা থেকে সবুজের লাশ উদ্ধার করা হয়।
সবুজের কৃষক বাবা পরিতোষ বিশ্বাস বলেন, দুই ছেলে-মেয়ের মধ্যে মেয়ের বিয়ে হয়েছে কয়েক বছর আগে। একমাত্র ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে জীবনে প্রতিষ্ঠিত হবে এমন স্বপ্ন ছিল। কিন্তু ওরা সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।
সবুজের মা পূরবী বিশ্বাস বলেন, ‘ছেলে আমাকে আর মা বলে ডাকবে না। ওরা আমার বুকের ধন কেড়ে নিয়েছে। ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।’



