বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আকরামকে পল্টন থানার পুলিশ আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আকরামুলের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে পল্টন মোড় থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতে তোলা হবে।
ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা জানান, শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান। বক্তৃতা শেষে আকরাম প্রেসক্লাব থেকে বেরিয়ে পল্টনের দিকে রওনা করেন। প্রেসক্লাব থেকে বেরিয়ে সামনের সড়কে আসতেই তাকে পল্টন থানার পুলিশ আটক করে।
আটকের পর ছাত্রদল সাধারণ সম্পাদককে মতিঝিল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে দাবি করেন ছাত্রদল নেতা জাকির হোসেন।


