রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সকাল ৬.২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজের মায়ের মৃত্যু হয়েছে ১ মাস ও হয়নি। এর মধ্যে মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার সহ দি নিউজের সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীও।
ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন জানান, হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এই সংসদ সদস্য। করোনা পজেটিভ হওয়ার ১৪ দিন পর পরীক্ষায় নেগেটিভ এসেছিল। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয় চলতি মাসের প্রথম সপ্তাহে।
টানা তিনবারের সংসদ সদস্য ইসরাফিল আলমের জন্ম রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে। তিতাস গ্যাস কোম্পানিতে মিটার রিডার হিসেবে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। তার রাজনৈতিক শিক্ষাগুরু প্রয়াত আহসান উল্লাহ মাস্টার। তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি পুরোপুরি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতির দায়িত্বে ছিলেন।
মোঃ ইসরাফিল আলম নওগাঁ-৬ আসনে দীর্ঘ প্রায় ৩৬ বছর পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ আলমগীর কবিরকে পরাজিত করে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এই আসনটিতে বিজয়ী হন। ২০১৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি।
দি নিউজের সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী তার মৃত্যুতে গভীর মর্মাহত হয়েছেন। তিনি বলেন, হাসপাতালে যাওয়ার আগের দিন একসাথে সারাদিন সময় কাটালাম। এক পর্যায়ে অসুস্থ হয়ে আমার সামনে পড়ে যাচ্ছিলেন। আমি তাকে ধরে গাড়িতে তুলে দিলাম। প্রত্যেকবার দেখা হলে যেভাবে মজা করে কথা বলতেন গাড়িতে ওঠার সময় ও তেমন বললেন। সে মানুষটা এত অল্প এভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবেন ভাবতেও পারছিনা। একসাথে কাটানো সেসব সুন্দর সুন্দর স্মৃতিগুলো পীড়া দিচ্ছে।
বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র, পাট মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ছিলেন ইসরাফিল আলম।



