স্টাফ রিপোর্টার, যশোর : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্ত গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারি ইউনিয়ন যশোর শাখার উদ্যোগে আজ বেলা ১২টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারি ইউনিয়ন যশোর শাখার সভাপতি ইব্রাহিমের নেতৃত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক গ্রাম পুলিশ সদস্য অংশ নেন।
এসময় তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় গ্রাম পুলিশ বাহিনীকে স্ব উদ্যোগে চাকরি জাতীয়করণের আদেশ প্রদান করেন। যা পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিটি জেলায় পাঠানো হয়। কিন্তু তার জারিকৃত পরিপত্রটি আজ অবধি বাস্তবায়িত হয়নি। বর্তমানে যে বেতন দেয়া হয় তার অর্ধেক মন্ত্রণালয় ও বাকী অর্ধেক ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে দেয়া হয়। মন্ত্রণালয়ের অর্থ নিয়মিত পেলেও ইউনিয়ন পরিষদ থেকে বেতনের অর্ধেক পাওয়া যায় না। যে কারণে সারাদেশে ৪৬ হাজার ৮৭০জন গ্রাম পুলিশ সদস্য দ্র্ব্যমূল্যের উর্ধ্বগতির এ বাজারে চরমভাবে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।


