গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ছাত্রলীগের দু’গ্রাপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয় গ্রুপের ৪ জন আহত হয়েছেন বলে জানা যায়।
বুধবার বিকাল ৪ টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে যুক্তরাজ্য যুবলীগ নেতা রাবেল গ্রুপ ও উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক আলী আকবর ফখর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষে আহতরা হলেন ফখর গ্রুপ সমর্থক দেলোয়ার হোসেন দিপন (২৭),রাবেল গ্রুপের সমর্থক নাজির আহমদ (২০), হেকিম আহমদ (২১), খাওরুল আহমদ (২২)।
পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করলেও এখনো উভয় পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে এমসি একাডেমীতে নয়ম নামে কলেজ ছাত্রকে মারধরের জেরে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।প্রথমে রাবেল গ্রুপের কয়েকজন কর্মী ফখর গ্রুপের সমর্থক ও গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিপনের উপর হামলা করে পিটিয়ে আহত করে।পরবর্তীতে দিপনের পক্ষ নিয়ে ফখর গ্রুপের কয়েকজন কর্মী রাবেল গ্রুপের কর্মীদের উপর হামলা চালায়।এতে রাবেল গ্রুপের ৩ জন আহত হন ।এসময় সাথে সাথে ব্যবসায়ীরা তাদের দোকানপাঠ বন্ধ করে রাখে।আতঙ্ক সৃষ্টি হয় পথচারীদের মধ্যে।তারা নিরাপদে সরে যেতে দিকবেদিক ছুটাছুটি করে।সিলেট-জকিগঞ্জ রোডে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।এসময় দু পাশের শত শত গাড়ি আটকা পড়ে।
এ ব্যাপারে রাবেল গ্রুপ সমর্থক গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ সাংবাদিকদের জানান, পরিস্থিতি শান্ত করার জন্য আমি অনেক চেষ্টা করেছি।পরে প্রতিপক্ষ আমাদের উপর হামলা চালায়।এতে আমাদের কর্মী নাজির আহমদ গুরুতর আহত হয় এবং হেকিম আহমদ ও খায়রুল আহমদ আহত হন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।পরিস্থিতি এখন শান্ত আছে।


