গৃহবধূকে গলাকেটে হত্যা, হত্যাকান্ডের অভিযোগ দেবরের বিরুদ্ধে

তানভীর আহমেদ রিমন, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় নাছরিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতের দেবর সুমন হোসেনের বিরুদ্ধে এ হত্যাকান্ডের অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত নাছরিন আক্তার উপজেলার পশ্চিম লতিফপুর গ্রামের প্রবাস ফেরত ফারুক হোসেনের স্ত্রী। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার ভোরে ঘুম থেকে উঠার পর টয়লেটে যাওয়ার পথে গৃহবধূ নাছরিনের গলাকেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার আর্তনাদ শুনে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর আগে গৃহবধূ নাছরিন খুনীর নাম প্রকাশ করে গেছেন বলে দাবি করেছেন নিহতের স্বামী ফারুক হোসেন ও ছেলে নাইমুল ইসলাম। তাদের অভিযোগ, নিহতের দেবর সুমন হোসেন এ হত্যাকান্ড ঘটিয়েছে। পাওনা টাকা নিয়ে নাছরিন ও তার দেবর সুমনের সঙ্গে প্রায়ই বাকবিতন্ডা হতো। তাই টাকা না দেওয়ার অপচেষ্টায় এ হত্যাকান্ড ঘটায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কেন এই হত্যাকান্ড, কারা এর সঙ্গে জড়িত; এই সকল বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা কাউকে আটক করা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।