বিশেষ প্রতিবেদকঃ পদ্মা সেতু দিয়েই খালেদা জিয়া বহর নিয়ে পদ্মার ওপারে যাবেন। তার জন্য টোল ফ্রি করে দেবো। বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার বিকেলে সাভারে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছেন। তিনি চক্রান্তকারীদের একজন, যারা পদ্মা সেতু হোক তা চায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে পদ্মা সেতু হচ্ছে।
নাসিম বলেন, পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার দেয়া বক্তব্যে এটাই প্রমাণিত হয় বিশ্বব্যাংককে তিনি প্রভাবিত করেছেন। যাতে বাংলাদেশে তাদের টাকা না আসতে পারে এবং পদ্মা সেতু নির্মাণ না হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। এজন্য সরকার দিন রাত কাজ করে যাচ্ছে। জনগণকে স্বাস্থ্যসেবা দিলে নির্বাচনে ভোট বাড়ে। শেখ হাসিনার সরকার জনগণের সরকার। তাই সরকার দেশের সাধারণের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে।




