খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য মজুত বাড়ানোই আমাদের লক্ষ্য। বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবিলা করা কঠিন হবে না। এছাড়া খাদ্য আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
আজ সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা চালের দাম বৃদ্ধির বিষয়ে বলেন, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানি অব্যাহত রয়েছে। সরকারি পর্যায়ে খাদ্য সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে। এ সময় তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তিনি ৫ আগস্টের পটভূমিকে সামনে রেখে কর্মকর্তাদের কাজ করার তাগিদ দেন।
সভার শুরুতেই খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান উপদেষ্টাকে স্বাগত জানান। পরে তিনি খাদ্য মন্ত্রণালয়ের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করেন। এছাড়াও মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


