ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে মান্দার ঐতিহ্যবাহী সতী পশুর হাট

ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে মান্দার ঐতিহ্যবাহী সতী পশুর হাট

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী সতী পশুর হাট ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে। কুরবানির দিন যত ঘনিয়ে আসছে, হাটে পশু আমদানি এবং বেচাকেনা ততই বৃদ্ধি পাচ্ছে।

সরেজমিনে সতী হাট ঘুরে দেখা গেছে, হাটের প্রতিটি কোণায় দেশি ও শৌখিন খামারিদের লালন-পালন করা বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়ায় পরিপূর্ণ। উত্তরবঙ্গের অন্যতম বড় এই পশুর হাটে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসছেন পশু কিনতে।

খামারি ও বিক্রেতারা জানান, এবার হাটে মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। তবে গোখাদ্যের দাম চড়া হওয়ায় পশু লালন-পালনে খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে পশুর দামেও। অন্যদিকে, ক্রেতাদের অভিযোগ— গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তবে সাধ ও সাধ্যের মিল ঘটিয়ে পছন্দের পশুটি কিনতে হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তারা।

হাট ইজারাদার কর্তৃপক্ষ জানায়, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জালিয়াতি রুখতে জাল টাকা শনাক্তকরণ মেশিনের পাশাপাশি পশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

এছাড়া হাটের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।
পছন্দের কুরবানির পশুটি কিনতে হাটে দুপুরের পর থেকে রাত পর্যন্ত উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের আগের দিন পর্যন্ত এই কেনাবেচার ধুম বজায় থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।