কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না -ধর্ম উপদেষ্টা  

কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না -ধর্ম উপদেষ্টা  

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের ভিতরে ও বাইরে একটি গোষ্ঠী আমাদের সৌহার্দ ও সম্প্রীতিকে বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। দেশবাসীকে সাথে নিয়ে  সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না।

উপদেষ্টা আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি)’র মাল্টিপারপাস হলে বাউফল ফাউন্ডেশন ঢাকা আয়োজিত গুণিজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ গুণিজন, ১২০ কৃতি শিক্ষার্থী ও ৬ শহিদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।

বাংলাদেশকে বৈচিত্র্যময় দেশ হিসেবে অভিহিত করে উপদেষ্টা বলেন, আমাদের প্রিয় মাতৃভূমিতে নানা ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষের বসবাস। সাংবিধানিকভাবে সকলের অধিকার সমান। সকল ধর্মের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাদের নিজ ধর্ম চর্চা, প্রচার ও পালন করে আসছে। আগামীতেও সকলে নিবির্ঘ্নে তাদের ধর্ম পালন করে যাবে। তিনি আরো বলেন, ব্যক্তি কিংবা গোষ্ঠী যারা চক্রান্ত করবে সরকার তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে। এছাড়া, ফৌজদারি অপরাধের সাথে জড়িত ব্যক্তিদেরকে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

ড. খালিদ বলেন, বর্তমানে বাংলাদেশ উন্নয়নের যে পর্যায়ে এসে অবস্থায় যেখানে দাডিয়েছে তার পিছনে গুণিজনদের অবদান অনস্বীকার্য। অতীতে বাউফল থানার গুণিজনেরা জাতি গঠনে বিশেষ ভূমিকা পালন করেছে। আগামী দিনেও বাঙালি জাতিসত্তা বিকাশে বাউফল থানা হতে আরো বেশি গুণী তৈরি হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

ড. খালিদ আরো বলেন, সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠিত  হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। এরপর ভোটার তালিকা হালনাগাদ করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা দিবেন সেই তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ১৫-১৬ বছর পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তিনি বলেন, ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গেছে এবং রাজনৈতিক সংস্কৃতিও হারিয়ে ফেলেছিলাম। এ সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনতে চাই। জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নেব। আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তাদের পথ আমরা সুগম করে যাবো।

এসময় বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে সাবেক যুগ্মসচিব রফিকুল ইসলাম, আব্দুল হক প্রমুখ বক্তৃতা করেন।

পরে, উপদেষ্টা উত্তর যাত্রাবাড়ীতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কার্যালয় এবং মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।