যশোর প্রতিনিধি: যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় গ্রেফতার হওয়া ওই কেন্দ্রের পাঁচ কর্মকর্তাকেই সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে সমাজসেবা অধিদপ্তর।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ওই কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, প্রবেশন অফিসার মাসুম বিল্লাহ, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম ও সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান। এর মধ্যে অবশ্য সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদকে ঘটনার পরদিন সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিতকুমার সাহা পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে আজ চারজনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একজনকে আগেই বরখাস্ত করা হয়েছিল।
বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তাই গ্রেফতার হওয়ার পর বর্তমানে হয়ে রিমান্ডে আছেন।
গত বৃহস্পতিবার যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনিতে তিন কিশোর নিহত হয়, আহত হয় অন্তত ১৫ জন। কিশোর উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি ‘বন্দি’দের দুই গ্রুপের মারামারি বলে প্রচার করেন। কিন্তু দ্রুতই পরিষ্কার হয়ে যায়, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের পিটুনিতেই হতাহতের ঘটনা ঘটে।



