আরিফ মোল্লা, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সদরের ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (১১ ডিসেম্বর ও ১২ ডিসেম্বর) এই ২ দিনে নুতন নিয়োগপ্রাপ্ত ১৪ জন ডাক্তার যোগদান করেছেন। বেশ কয়েক বছর ধরে ডাক্তার সংকটে দূর্ভোগ পোহাচ্ছিল কালীগঞ্জ উপজেলার ৩ লক্ষাধিক মানুষ। এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে স্থানীয় এমপি আনোয়ারুল আজীম আনারের প্রচেষ্টায় কালীগঞ্জ হাসপাতালে একযোগে এতগুলো ডাক্তার প্রাপ্তিতে জনমনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এতে করে গরীব-অসহায় রোগীদের সেবার মান বৃদ্ধিসহ সু-চিকিৎসা পাওয়ার সুযোগ পাবে বলে ভুক্তভোগীরা আশা করছেন।
জানা যায়, কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন ও ১ পৌরসভার ৩ লক্ষাধিক মানুষের একমাত্র চিকিৎসা সেবাদানকারী ৫০ শয্যা হাসপাতালে জনবল কাঠামো অনুসারে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ মোট ২৪ জন ডাক্তারের পদ থাকলেও হাসপাতালে দীর্ঘদিন যাবৎ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হোসাইন সাফায়াতের নেতৃত্বে আরএমও ডাঃ সুলতান মাহমুদ, ডাঃ অরুন কুমার দাস, ডাঃ শম্পা মোদক, ডাঃ সংগীতা চৌধুরী এবং ডেন্টাল সার্জন ডাঃ রাশেদুল আলম এই ক’জন ডাক্তারের অক্লান্ত পরিশ্রম করে ইনডোর-আউটডোর রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন।
সম্প্রতি স্বাস্থ্য বিভাগ ডাক্তার পদে নুতন নিয়োগ দেয়ায় ও ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের প্রচেষ্টায় হাসপাতালে ডাক্তার সংকটের বিরাজমান সমস্যার অবসান হওয়ায় দুর-দুরান্ত থেকে আগত শিশু, মহিলাসহ সকল ধরনের রোগীরা সরকারের দেয়া সু-চিকিৎসার সুফল ভোগ করতে পারবে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ অরুন কুমার দাস জানান, পুরাতন ও নুতন নিয়োগপ্রাপ্ত মিলে ১৯ জন ডাক্তারদের মধ্যে হাসপাতালে কর্মরত থাকবেন (উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা) আরএমও, ডেন্টাল সার্জন ও ২ জন মেডিকেল অফিসারসহ ২০ জন এবং এরমধ্যে অপর ৮ জন মেডিকেল অফিসার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য সেবা কেন্দ্রে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। তিনি জানান, অপর জুনিঃ কনসালটেন্ট পদের শুন্য ৯ পদে নিয়োগ দেয়া হলে রোগীরা দ্রুত প্রতিকার পাওয়ার সুবিধা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কালীগঞ্জ হাসপাতালে (১১ ডিসেম্বর ও ১২ ডিসেম্বর) যেসব নুতন ডাক্তাররা যোগদান করেছেন তারা হলেন ডাঃ মোঃ আহসানুল হক, ডাঃ খন্দকার রেজওয়ান উদ-দারাইন, ডাঃ কৃষ্ণপাল দাস, ডাঃ আর্জুবান নেছা, ডাঃ মোঃ মাজহারুল ইসলাম, ডাঃ মোঃ ইমতিয়াজ আলম, ডাঃ রুমা পারভিন, ডাঃ রিংকু রানী সেন, ডাঃ এসএম আহসান হাবিব, ডাঃ প্রিয়াংকা সরোয়ার, ডাঃ ইসমাতুন আরা ইপা, ডাঃ সুমাইয়া আফরিন, ডাঃ শেখ আফসানা হোসেন ও ডাঃ মাহাদী হাসান।
ঝিনাইদহ জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে নুতন নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের মধ্যে ঝিনাইদহ জেলার ৬ উপজেলা হাসপাতালেই ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। তবে জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফাইল আসলে জানাযাবে কোন উপজেলা কতজন নতুন ডাক্তার নিয়োগ হয়েছে।


